বেতন বাড়ছে ক্রিকেটারদের

 
ওয়েজ বোর্ডের অধিনে নয়, কিন্তু তারপরও বেতন বাড়ছে বাংলাদেশের ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সিনিয়র কয়েকজন ক্রিকেটারের আবেদনের প্রেক্ষিতে এবং ২০১৫ সালে ক্রিকেটারদের পারফর্মেন্সে সন্তুষ্ট হয়ে বেতন বাড়ানো হচ্ছে।
 
চলতি সাল ছিল ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসাধারণ এক বছর। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। সেই সঙ্গে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় এবং বছরের শেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে বছর শেষ করছে মাশরাফিরা।
 
এ সবকিছুর মাঝেই কিছুদিন আগে বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিসিবির কাছে বেতন বাড়ানোর আবেদন করেছিলেন। অবশেষে তাদের ডাকে সাড়া মিলেছে। নতুন চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানো হবে। সভা শেষে বুধবার এমনই জানিয়েছেন ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ার নাইমুর রহমান দুর্জয়।
 
চলতি ডিসেম্বরেই শেষ হচ্ছে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ। নতুন বছরের শুরুতে নবায়ন করা হবে জাতীয় দলের ক্রিকেটারদের চুক্তি। আর এই চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর জন্য ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে। তবে ক্রিকেটারদের বেতন কি পরিমাণ বাড়ছে সে বিষয়ে কিছুু জানাননি দুর্জয়।
 
বিসিবির আগের বেতন কাঠামো অনুযায়ী এ-প্লাস শ্রেণির ক্রিকেটারের মাসিক বেতন ছিল ২ লাখ টাকা। এ ছাড়া 'এ' শ্রেণিতে ১ লাখ ৭০ হাজার, 'বি' শ্রেণিতে ১ লাখ ২০ হাজার, 'সি' শ্রেণিতে ৯০ হাজার ও 'ডি' শ্রেণিতে ৬০ হাজার টাকা ছিল মাসিক বেতন। অধিনায়ক বাড়তি ২০ হাজার ও সহ-অধিনায়ক ১০ হাজার টাকা দায়িত্ব ভাতা পেতেন।