বর্ণাঢ্য পরিবেশে পিরোজপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 
আজ বৃহস্পতিবার পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৩ বছর পূর্তি অনুষ্ঠান। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে।
 
অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর সুধী সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মানিক হার রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, প্রবীণ চিকিৎসক ডা. হাবিবুর রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, অ্যাডভোকেট শহীদুল্লাহ খান, অ্যাডভোকেট রাজ্জাক খান বাদশা, অ্যাডভোকেট আবুল কালাম আকন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী নেত্রী খালেদা আক্তার হেনা প্রমুখ।
 
সুধী সমাবেশে বক্তাগণ বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনে দৈনিক ইত্তেফাকের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি ইত্তেফাক প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতি সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন কৃতিত্বপূর্ণ অবদানকে তুলে ধরেন।
 
ইত্তেফাক প্রতিষ্ঠা ও প্রকাশনা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকাকেও স্মরণ করা হয়। 'ইত্তেফাক যেমন ছয় দশকেরও বেশি সময় ধরে চলমান, তা শতবর্ষ ধরে আধুনিক প্রজন্মের চেতনার ধারক হিসাবে তার জয়যাত্রা অবিরল রাখুক' বক্তাগণ এ আশাবাদ ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে আইনজীবি, শিক্ষক, ব্যবসায়ী, নারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, সংবাদপত্রের এজেন্ট ও জেলা-উপজেলার  ইত্তেফাকের কর্মীরা অংশ নেন।