রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ক চিহ্নমেলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চিহ্নমেলা ‘চিরায়তবাংলা’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। বাংলা সাহিত্য বিষয়ক লিটল ম্যাগাজিন ‘চিহ্ন’ চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করেছে।

মেলায় ভারতের প্রখ্যাত কথাশিল্পী দেবেশ রায়, প্রখ্যাত কবি ও সাহিত্যিক প্রবাল কুমার বসুসহ দুই বাংলার দুই শতাধিক লেখক-কবি অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান, ছাত্র উাপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার।  এবারের মেলায় বাংলাদেশের ৯৫টি এবং ভারতের ৩০টি বাংলা সাহিত্য বিষয়ক ছোট কাগজ, লেখক, পাঠক ও সম্পাদকরা অংশগ্রহণ নিচ্ছেন। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে প্রতি তিন বছর অন্তর এ মেলার আয়োজন করে আসছে ছোট কাগজ চিহ্ন।