রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে চতুর্মুখী লড়াই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত খলিলুর রহমান চৌধুরী বিনা ভোটে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। নারী ভাইস চেয়ারম্যান পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন  মনোয়ারা বেগম। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউল আলম তালুকদারের স্ত্রী।

আগামী ১৮ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। দলীয় মনোনয়ন ছাড়া ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় রাঙ্গুনিয়ায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উত্সবের পরিবেশ বিরাজ করছে। কাকে নির্বাচিত করবে এ নিয়ে সর্বত্র চলছে গুঞ্জন। পোস্টার ফেস্টুনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্টের রাঙ্গুনিয়া উপজেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন (মোমবাতি প্রতীক) স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (তালা প্রতীক), ফজলুল ইসলাম সেলিম (উড়োজাহাজ) ও শাহাদাত হোসেন তালুকদার (টিয়া পাখি)। 

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, যথাসময়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানে একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা থাকবে।