পদ্মা সেতুর নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময়

পদ্মা সেতুর নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীনগরের দোগাছিস্থ সেতুর সার্ভিস এরিয়া-১ এ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই মতবিনিময়ের আয়োজন  করে। মতবিনিময়ে ব্রিফিং এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শফিকুর রহমান। এতে আরও অংশ নেন উপ অধিনায়ক  মেজর মোঃ সোহেল রানা, মেজর রিয়াজুল ইসলাম ও ক্যাপ্টেন আসাদুল হক পাটোয়ারী।

সেনা কর্মকর্তারা বলেন, ‘বাঙালি জাতির এক বীরত্বগাঁথা হচ্ছে পদ্মা সেতু। এই সেতুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। সেনাবাহিনীর দু’টি রেজিমেন্ট দু’তীরে এবং নদীতে কাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা সেনাবাহিনীর রয়েছে। সেতুর কাজে কর্মরত দেশি-বিদেশি নাগরিকদের জন্য রয়েছে কয়েক ধাপের নিরাপত্তা। এছাড়া এই সেতুকে ঘিরে পদ্মার দু’পাড়ে মাওয়া এবং জাজিরায় হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট। ইতোমধ্যে জাজিরায় বড় আকারে ক্যান্টনমেন্টের কাজ শুরু হয়ে গেছে। এরপর মাওয়া প্রান্তেও কাজ শুরু হবে।’

মতবিনিময়ে সাংবাদিকের মধ্যে অংশ নেন মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, ভবতোষ চৌধুরী নুপুর, মাসুদ খান,  নজরুল ইসলাম, কেএন ইসলাম বাবুল প্রমুখ।