ফেনসিডিলের আস্তানায় অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর গ্রামে ফেনসিডিলের আস্তানায় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  
 
স্থানীয়দের দাবি, জীবননগর থানা পুলিশ বুধবার রাত একটার দিকে গয়েশপুর গ্রামে গিয়ে হুমকি-ধামকি দিয়ে নিরীহ মানুষের কাছে চাঁদা দাবি করছিলেন। এ সময় স্থানীয়রা একজোট পুলিশ সদস্যদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে সেখান থেকে কেটে পড়ে।
 
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে ফেনসিডিলের আস্তানা শহিদুলের বাড়িতে অভিযানে যায়। ওই ঘরে ঢুকার আগেই স্থানীয় লোকজন একজোট হয়ে লাঠি ও ইট-পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। উদ্ভূত পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। তবে গুলি বর্ষণের কোন ঘটনা ঘটেনি।’