জলঢাকায় ধানের শীষ প্রতীকের পথ সভায় মির্জা ফখরুল

'আন্দোলনের অংশ এ নির্বাচন'

 
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন বিএনপি'র আন্দোলনের অংশ। ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার আহ্বান জানান তিনি। নীলফামারীর জলঢাকায় জেলা বিএনপি আয়োজিত বিএনপি মনোনীত প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর নির্বাচনী পথসভায় বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।
 
তিনি নির্বাচন নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনারের প্রতি সেনাবাহিনী মোতায়েনের দাবি তোলেন পথসভা থেকে। বর্তমান সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, এ সরকার সবচেয়ে ভয় পায় জনগণকে। তাই ৫ জানুয়ারির নির্বাচনে জনগনের ভোটের অধিকার খর্ব করে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 
'এই সরকারকে ভোট চোর সরকার' আখ্যা দিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনারকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে মানুষের মতামতের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান  জানান। তার বক্তব্যে আওয়ামী সরকারকে একটি মামলাবাজ সরকার বলে আখ্যায়িত করেন। তাই আসন্ন পৌর সভা নির্বাচন তাদের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
 
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ভূমি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত পথসভায় পৌর বিএনপি সভাপতি আহমেদ সাঈদ চৌধুরী ডিডুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জলঢাকা উপজেলা বিএনপি সভাপিত ও মেয়র প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জেলা শ্রমিক দল সভাপতি গোলাম রহমান ডালু, বিএনপি নেতা মীর সেলিম  ফারুক, কাজী দিলদার, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ময়নুল হোসেন প্রমুখ।
 
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলগীরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ভিড় জমায় সভামঞ্চে।