ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৫০ কি.মি. এলাকায় শুক্রবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চৌদ্দগ্রাম সদর থেকে চান্দিনা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে দুর্ভোগ বেড়েছে যাত্রী সাধারণের। 
 
শুক্রবার থাকার কারণে মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন ছিল কয়েক গুন বেশী, তাই ভোর ৪টা থেকে সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। 
 
জানা গেছে, মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে বর্তমানে ফোর লেন প্রকল্পের কাজের জন্য কিছু অংশে ডাবল লাইনে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়াও ভোরে মহাসড়কের চৌদ্দগ্রামের চান্দ্রশী এলাকায় একটি ট্রাক রাস্তায় উল্টে গিয়ে যানজট আরও দীর্ঘ হয়। 
 
এতে ভোর  থেকে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেক রোগীবাহী এ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়ে। চট্টগ্রাম থেকে থেকে আসা ট্রাক চালক বিল্লাল হোসেন জানান, ভোর ৬টায় তিনি সদর এলাকা অতিক্রম করার পর চৌদ্দগ্রাম সদরে এসেছেন সাড়ে ৯টায়। গ্রিন লাইন পরিবহনের যাত্রী আলী আলমাস জানান, সকাল সাড়ে ৮টায় তাদের গাড়ি ঢাকায় পৌছার কথা থাকলেও চৌদ্দগ্রামেই বেজে গেছে সকাল ৯টা। 
 
সকাল সাড়ে ১০টায় মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, মহাসড়কে যানজট স্থায়ী হচ্ছে না, মহাসড়কে  শুক্রবার গাড়ির চাপ অনেক বেশী। হাইওয়ে ও থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।  তিনি আরও জানান, দুপুরের মধ্যে যানজট শেষ হয়ে যেতে পারে।