১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামে জানালার গ্রিল খুলে বাবা-মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু আব্দুল্লাহকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ৪টার দিকে বিশারীঘাটা গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। সদর ইউনিয়নের আব্দুল্লাহ দলিল লেখক সোহাগ হাওলাদারের পুত্র। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোহাগ হাওলাদার ও স্ত্রী রেশমা বেগমসহ কন্যা সুমাইয়া ও আড়াই মাসের অসুস্থ শিশু পুত্র আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৪টায় দুর্বৃত্তরা ঘরের গ্রিল খুলে ও ঘরের অন্যান্য কক্ষের দরজা বাইরে থেকে আটকিয়ে রেখে কোলের মধ্যে শিশু আব্দুল্লাহ ও সোহাগের মোবাইল নিয়ে যায়।
সোহাগ হাওলাদার জানান, ঘরের মধ্যে লোকের টের পেলেও কেন জানি উঠতে পারিনি। স্ত্রী রেশমা বেগম বলেন, রাতে ছেলের ওষুধ ও বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়ি। সে আমার কোলের মধ্যেই ছিল। কিভাবে নিয়ে গেছে টের পাইনি। এদিকে শিশুটির মুক্তির জন্য মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, শিশুটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।