ঈদে মিলাদুন্নবীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইলে আনজুমান রাহমানীয়া মইনীয়া মাইজভান্ডারির শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানীর নেতৃত্বে এই  শোভাযাত্রা বের হয়। 
 
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় শোভাযাত্রায় পৃথিবীতে হযরত মুহাম্মদের (সা.) আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেয়া হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ অংশ নেয়।
 
IMG0
 
শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অনেকের হাতে পবিত্র কোরআন শরীফের আয়াত লেখা পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করতে দেখা যায়। 
 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সীরাতের উপর আলোচনা, সিম্পোজিয়াম, সেমিনার ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েকটি ধর্মীয় সংগঠন শোভাযাত্রা বের করবে।
 
দিবসটির তাত্পর্য তুলে ধরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। 
 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পৃথক পৃথক বাণী দিয়েছেন।