নবীনগরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

 
পাওনা টাকা নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন। মোল্লা গ্রামে শুক্রবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে জানান নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।
 
নিহত গোলাম কবির (৪০) মোহল্লা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ওসি ইমতিয়াজ আহমেদ জানান, সৌদি আরবে থাকাকালে পাওনা টাকা নিয়ে বিরোধ রয়েছে মোল্লা গ্রামের ওবায়দুল মেম্বার ও মতি মেম্বারের মধ্যে। এর জেরে দুপুর ১২টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে কবির মিয়া টেটাবিদ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।