উল্লাপাড়ায় বখাটের উত্পাতে স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

রাস্তায় এক বখাটের উত্ত্যক্ত করা এবং জোরপূর্বক বিয়ে করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী মোছা. নুপুর খাতুনের (১৫) লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে স্কুলে যেতে পারছে না এই শিক্ষার্থী। নুপুর উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলামের মেয়ে। সে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। নুপুর খাতুনের মা গোলাপী খাতুন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আলমগীর পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, নুপুরের মায়ের অভিযোগপত্র তিনি পেয়েছেন। অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।