জাতীয় পার্টি জেপি'র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, 'বাংলাদেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে উন্নয়ন। তাই উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হঠাৎ করেই উন্নয়ন করা সম্ভব নয়। আগের তুলনায় উন্নয়ন কাজ অনেক বৃদ্ধি পেয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।' শুক্রবার দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসার চার তলা ভবনের উদ্বোধনকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, 'রাস্তা-ঘাট, বিদ্যুৎ, পুল সব কিছুই হয় আপনাদের ট্যাক্সের টাকায়। এসব কিছু রক্ষণাবেক্ষনের দায়িত্ব আপনাদেরই। কারণ দেশটা আপনাদের। আর আপনারা অনেক শান্তিতে আছেন এ কথা শুনে অনেক ভালো লাগে। হামলা-মামলা ও রাজনৈতিক সহিংসতা থেকে বেঁচে থাকাটাই বড় কথা।'
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল আলম দোদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদী, উপজেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট এম মতিউর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, সদস্য সচিব ও বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম প্রমুখ।
পরে বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দুই দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, 'সরকারের একার ওপর চাপ বৃদ্ধি করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই ব্যক্তি বা বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। শুধু আমি নই এ ধরনের সমাজসেবা মূলক কর্মকাণ্ডকে সবাই সমর্থন করে।'
এ সময় মন্ত্রী তার বক্তব্যে ২০১৬ সালে এই এলাকায় বড় একটি বেড়ি বাঁধ নির্মাণ করা হবে বলেও জানান। পরে বালিপাড়া ইউনিয়নের দুঃস্থদের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার মাধ্যমে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডা. আবু হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান উপজেলা জাতীয় পার্টি জেপি’র আহবায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, সদস্য সচিব ও বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের আলহাজ্ব ফারুক হাওলাদার, ডা. মজিবুর রহমান প্রমুখ।
সন্ধ্যায় আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পত্তাশী ইউনিয়নের দুঃস্থদের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ করা হয়। পরে তিনি উপজেলার পাড়েরহাট ইউনিয়ের বৌডুবি এমদাদিয়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। পাড়েরহাটের দুঃস্থদের মাঝেও কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ছালাম বাহাদুর, উপজেলা জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহবায়ক রুহুল আমিন হাওলাদার, কাওছার আহম্মেদ দুলাল, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মৃধা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম, মুক্তিযোদ্ধা মোকাররম হোসেনসহ যুব সংহতি ও ছাত্র সমাজের নেতারা প্রমুখ।