ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে লক্ষ্য করে গুলি

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিসুজ্জামানকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বিরামপুর বটতলায় এ ঘটনা ঘটে। 
 
সন্ধ্যার পরপর মেয়র আনিসুজ্জামান ৯নম্বর ওয়ার্ডের বিরামপুর বটতলা এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক শেষ করে ফিরছিলেন। এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারকে লক্ষ্য করে স্থানীয় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে। 
 
দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এ বি এম আনিসুজ্জামান অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থক চার থেকে পাঁচটি মামলার আসামি চ্যাপা সুমন তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি।
 
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, 'আমিও এ বিষয়টি শুনেছি। পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছে। আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছি।'