‘একাত্তরে তারুণ্যের শক্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল’

সিলেট অফিস

একাত্তরে তারুণ্যের শক্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, তারুণ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। একাত্তরে পৃথিবীর শক্তিশালী অনেক দেশ আমাদের বিপক্ষে ছিল। তারপরও এদেশের তরুণরা অসীম সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধ করেছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। রবিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুবীক্ষণ তারুণ্যের জয়োত্সবের সূচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন সংগঠনের হাতে অণুবীক্ষণ সম্মাননা তুলে দেন। অনুবীক্ষণের সভাপতি শফিকুর রহমান হিমুর সভাপতিত্বে সূচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ নাছিমা খান ও গ্রীণ ডিজেবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. বায়েজিদ খান।

সিলেটে সেরা সাত বাংলাবিদ নির্বাচিত

ইস্পহানি মির্জাপুরের উদ্যোগে চ্যানেল আইয়ে বাংলাভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের সিলেট বিভাগের প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় সেরা সাত বাংলাবিদ ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে। বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন ড. ফারজানা সিদ্দিকী ও আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও কোমপানির উইং ম্যানেজার এ এস এম হাসান। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।