নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে ১৫টি ওয়ার্ডে মোট ৩২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৯টি ঝুঁকিপূর্ণ এবং ১৩টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহিৃত করেছে নির্বাচন অফিস। থানা পুলিশের জরিপের পর ঝুঁকিপূর্ণ ও সাধারণ হিসেবে ওই সব কেন্দ্র চিহিৃত করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ মতে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন অফিসারসহ ৮ জন পুলিশ, আনসার ভিডিপির ১৪ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ২০ জন সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ৫টি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও বিজিবির ৫টি মোবাইল দল টহলে থাকবে বলে জানান রিটার্নিং অফিসার জুলহাস উদ্দিন।
তিনি বলেন, 'পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম ও বিশৃংখলা বরদাস্ত করা হবে না।'