জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যে মুহূর্তে ধুকছে, ঠিক সেই সময়েই ক্যারিবিয় ক্রিকেট ভক্তদের একটি দারুণ সু সংবাদ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। আগামী বছর জুলাই মাসে ভারতীয় ক্রিকেট দল চার টেস্টেও সিরিজ খেলতে ক্যারিবিয় সফরে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে ডব্লুআইসিবি।
 
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান ডব্লুআইসিবি সভাপতি ডেভ ক্যামেরন। তবে পরবর্তীতে এ বিষয়ে ডব্লুআইসিবি এবং খেলোয়াড়দের যৌথ বিবৃতি দিতে হবে।
 
প্রস্তাবিত এ সিরিজের মানে হচ্ছে দল দুটির দ্বিপাক্ষিক সিরিজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বিসিসিআই। ডব্লুআইসিবি এবং নিজ খেলোয়াড়দের মধ্যে ঝামেলার কারণে ২০১৪ সালে ভারত সফরে মাঝ পথেই দেশে ফিরে গিয়েছিল ক্যারিবিয় দলটি। তারপর থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত শীতল। ডব্লুআইসিবির কাছে বিশাল অঙ্কের ক্ষতি পূরণ চাওয়া ছাড়া দেশটির সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কও স্থগিত করেছিল বিসিসিআই।
 
সব কিছু ঠিক থাকলে ২০১৬ সালের জুলাই-আগস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলটি সফরে যাবে। যদিও এ বিষয়ে বিসিসিআই-র শীর্ষ পর্যায় কোন মন্তব্য করেনি। তবে বিসিসিআইয়ের শীর্ষ পর্যায় থেকে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃ-স্থাপনের নিশ্চয়তা দেয়া হয়েছে বলে জানা গেছে। বাসস।