নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানসহ সংগঠনের ৭২ নেতাকর্মীকে গতকাল মঙ্গলবার হাইকোর্ট জামিন দিয়েছে। হাইকোর্টের বিচারক হাবিবুর গনি ও বিচারক বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ তাদের আগামী ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন জানান, সরকারের ইন্ধনে পুলিশ এ মামলা করেছে। মামলায় রূপগঞ্জের বাসিন্দা নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল হক রিপন, রূপগঞ্জ বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ বাছিরউদ্দিন বাচ্চুসহ সংগঠনের ৭৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় ৭২ জনকে জামিন দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, গত ৬ নভেম্বর রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রুহুল আমিন ৭৫ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন।