মদনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম হান্নান ও বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান তালুকদার শামীমের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের ফচিকা লোকনাথ আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।
 
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, ঘটনাস্থলে নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।