সংবাদ সংক্ষেপ

 

শিবচরে উদ্বুদ্ধকরণ কর্মশালা

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার সম্পর্কে শিবচরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার অনুষ্ঠিত এ সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, মত্সজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডিপিএম আশুরা বেগম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, উপ-পরিচালক মোঃ গোলাম সরোয়ার প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে প্রস্তুতি সভা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জাতীয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে সোমবার মহেশপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল। সভায় বক্তব্য রাখেন— উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সমাজসেবা অফিসার জুলফিকার আলী প্রমুখ।