নিখোঁজের একদিন পর শিশুর লাশ মিলল ডোবায়

 

বগুড়ার নন্দীগ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাজিকুল ইসলাম নন্দীগ্রাম পৌরসভার ফোকপাল এলাকার রিকশাচালক রেজাউল ইসলামের ছেলে। সে বালিয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রাজিকুল তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে খেলার সময় ভ্যানসহ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শোলাগাড়ী ডোবায় রাজিকুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ভ্যানের সন্ধান পাওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, নিহত রাজিকুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করে শিশুটিকে হত্যা করা হয়েছে।