ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে পূর্বশক্রতার জেরে আজিম তালুকদার (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আজিম তালুকদার সদর উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়ার মহল্লার রহিছ তালুকদারের ছেলে।
তবে পরিবারের অভিযোগ, সানি হিজড়া নামে একজন তাকে খুন করে নিজের ঘরে রেখে যান। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত সানি হিজড়া পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আজিম দুই লাখ টাকা নিয়ে সৌদি আরবের ভিসা করার জন্য জেলার আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় যান। এরপর আজিম আর বাড়ি ফেরেননি। পরে শনিবার সকালে আজিমের ফুফু জোবেদাকে সানি হিজড়া ফোন করে তার বাড়িতে এসে আজিমের মরদেহ নিয়ে যেতে বলেন।
এরপর পরিবারের লোকজন সদর উপজেলার রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাড়িতে সানি হিজড়ার ঘরে এসে আজিমের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।