ঈশ্বরদীতে বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদ

ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের প্রতিবাদে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী প্রতিবাদ জানিয়েছে।
এ বহিষ্কারের ঘটনায় বিএনপির বৃহত্তর অংশের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে শনিবার বিকেল পাঁচটায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংগঠনটির নেতা-কর্মীরা এ প্রতিবাদ জানায়।
 
এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান বলেন, ‘গঠনতন্ত্রের ৫(গ) ধারাকে অবজ্ঞা করে সংগ্রামী ওই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। যা গঠনতন্ত্রের পরিপন্থি, অবৈধ এবং অনৈতিক যা ঈশ্বরদীর বিএনপিকে ধ্বংসের অপচেষ্টা মাত্র। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে ঈশ্বরদীর সকল পর্যায়ের নেতা-কর্মী গণপদত্যাগসহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে ঘোষণা দেয়া হয়।
 
পৌর কমিটির সহ-সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, আবদুল্লা আল সুমার খান, জাহিঙ্গীর আলম, ইসলাম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম, আনজাম হোসেন ডন, ইমরুল কায়েশ সুমন, মাহবুবুর রহমান পলাশ, ছাত্রদল সভাপতি নূরে আলম শ্যামল, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোন্তাজুর রহমান মোন্তাজ, হাসান আলী, তারেক মামহমুদ সজিব, কল্লোল হোসেন প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।