গ্রামের পাল্টে যাওয়া দেখে অবাক হই :তোফায়েল
ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমানই এদেশে ক্ষমতা দখল ও নির্বাচনে কারচুপির সংস্কৃতি চালু করেন। তার সময়েই ব্যালট বাক্স হাইজ্যাকের সংস্কৃতি চালু হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এবারের নির্বাচনে আমাদের ইশতেহারের স্লোগান ছিল ‘আমার গ্রাম আমার শহর’। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এটাও বাস্তবায়ন হবে। এখন আমি নিজেই নিজের এলাকায় গ্রামগুলোর দ্রুত পাল্টে যাওয়া দেখে অবাক হয়ে যাই। গতকাল সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা কূটকৌশল অবলম্বন করছে। ২০১৪ সালে তারা নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবার অংশ নিয়েও তারা সঠিকভাবে নির্বাচনটা করেনি। নির্বাচনের নামে তারা মনোনয়ন বাণিজ্য করল। বিএনপি বুঝে গেছে জনগণের ভোটে তাদের পক্ষে কোনোদিন ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। আমুর আগে দেওয়া বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়। স্বাধীনতার চেতনা ধূলিসাত্ করার চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্ব মানচিত্রে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
বিএনপি-জামায়াত মানুষকে
আগুনে পুড়ে মারে :দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা এখনও টকশোসহ বিভিন্ন স্থানে কাউকে কাউকে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগকে একই পাল্লায় মাপার চেষ্টা করতে শুনি। কিন্তু বিএনপি-জামায়াত ধ্বংস করে, আর শেখ হাসিনা গড়েন। গতকাল সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। দীপু মনি বলেন, বিএনপি-জামায়াত মানুষকে আগুনে পুড়ে মারে। আর শেখ হাসিনা তাদের চিকিত্সার জন্য বার্ণ হাসপাতাল গড়েন। বিএনপি-জামায়াত হেফাজতকে উসকে দিয়ে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করে, শেখ হাসিনা দরিদ্র কওমী মাদ্রাসার ছাত্রদের মূলধারায় আনতে তাদের সনদের স্বীকৃতি দেন। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়, শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।