রায়গঞ্জে পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে

 
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। নির্ঘুম রাত কাটাচ্ছেন  প্রার্থী ও সমর্থকেরা। তীব্র শীত উপেক্ষা করে প্রার্থী-সমর্থকদের বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন।
 
প্রার্থীরা গণসংযোগে পৌরবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তারা ধর্মীয়-সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাসহ দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন। প্রার্থীদের বিচিত্র রকমের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পৌর এলাকার সবগুলো রাস্তাঘাট।
 
পৌরসভা নির্বাচনে এবারে মেয়র প্রার্থীরা হলেন— উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দু্ল্লাহ আল পাঠান, থানা বিএনপির সাবেক সভাপতি নুর সাঈদ সরকার ও স্বতন্ত্রপ্রার্থী বর্তমান মেয়র মোশারফ হোসেন আকন্দ।
 
সংশি­ষ্ট সূত্রে জানা গেছে, গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় মেয়র পদে ঐ দলের একক প্রার্থীর ভরাডুবি হয়। বিএনপির একক প্রার্থী নুর সাঈদ সরকারকে মাত্র ৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করে জামায়াত সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন আকন্দ মেয়র নির্বাচিত হন।
 
প্রার্থীদের সমর্থকরা জানান- বিএনপি মনোনীত প্রার্থী নুর সাইদ সরকার পৌরসভা প্রতিষ্ঠাকালীন পৌর প্রশাসক হিসাবে জনসেবা করেছেন। স্বতন্ত্রপ্রার্থী মোশারফ হোসেন আকন্দ মেয়র হওয়ার পর পৌর এলাকার বেশকিছু উন্নয়নমূলক কাজ করাসহ পৌর ভবনের জায়গা খরিদ ও ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান ত্যাগী, উদার, পরোপকারী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তাই এবারের নির্বাচনে হবে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। যিনি নির্বাচিত হবেন তিনি সামান্য ভোটের ব্যবধানেই নির্বাচিত হবেন বলে বিশ্লেষকদের ধারণা।
 
অপরদিকে, রায়গঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মেয়র পদটি বিএনপি ও জামায়াতের দখলে থাকায় এবার আওয়ামী লীগ তা উদ্ধারের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।