ইত্তেফাক রিপোর্ট
হযরত শাহজালাল বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে গতকাল ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথোলা চৌধুরী জানান, বাংলাদেশ বিমানের বিজি-১২৮ নম্বর ফ্লাইটটি আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। আগে থেকেই খবর ছিল বিমানটিতে একটি সোনার চালান আসছে। সে অনুযায়ী নজরও রাখা হয়। বিমানটির প্রত্যেকটি যাত্রী ও তাদের বসার সিটগুলোতেও তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও না পেয়ে অবশেষে উড়োজাহাজটির টয়লেটের আয়নার পেছনে কালো টেপ দিয়ে প্যাঁচানো একটি বস্তু উদ্ধার করা হয়। সেটি খুলে ১০৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।