রাজশাহীতে ল্যাপটপ-মোবাইল-সনদপত্রসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন, মহানগরীর হেতেমখাঁর নিজাম উদ্দিনের ছেলে নাজমুল (২৪), কাদিরগঞ্জের বাবুর ছেলে এলিম (২৪), নতুন বিলসিমলার মজিবরের ছেলে সূর্য (২৭), কাদিরগঞ্জের মৃত সাহেব জানের ছেলে বিপুল (৩২) ও দড়িখরবোনার আজাহার আলীর ছেলে রাহাত আল ইসলাম (২৫)।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আল মামুন সরকারের কাছ থেকে ছিনিয়ে নেয়া ল্যাপটপ, মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্রসহ ওই পাঁচজনকে শনিবার দিনগত রাতে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ৯ ডিসেম্বর রাতে যশোরের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক ড. আল মামুন সরকার রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রিকশায় মহানগরীর বিনোদপুরে তার বাড়িতে ফিরছিলেন। পথে নগরীর তালাইমারী নর্দান ইউনিভার্সিটির সামনে একদল ছিনতাইকারী তার গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, শিক্ষার সনদ ও ব্লেজার কেড়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্তের জন্য ১২ ডিসেম্বর মহানগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।
 
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।