ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে পড়ে গিয়ে সঞ্জয় কুমার (৩২) নামে এক হকারের মৃত্যু হয়েছে।
সঞ্জয় কুমার পুরান ঢাকার শাখারী বাজারের বাসিন্দা চন্দন কুমারের ছেলে। তিনি সদরঘাটে ফেরি করে রুটি, কলা, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবার বিক্রি করতেন।
সোমবার বিকালে সদরঘাটের বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) মো. সামসুল আলম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সঞ্জয় রুটি, কলা নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিক্রি করার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি লঞ্চ এক সঙ্গে টার্মিনালে ভিড়ে। এতে টার্মিনালে প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হলে সঞ্জয় নদীতে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ডুবুরি দলের সহায়তায় বিকালে সঞ্জয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাঁতার না জানায় সঞ্জয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে।