শাহজালালে ১২ টি স্বর্ণের বারসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ টি স্বর্ণের বার সহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক শওকত কুমিল্লার গৌরীপুর উপজেলার বাসিন্দা।
 
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান,সোমবার রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ার একটি ফ্লাইট বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে বে-০৭ এলাকায় শওকতের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার ব্যাগ তল্লাশি চালায় কাস্টমস্ কর্মকর্তারা। এ সময় ওই ব্যাগে এসব স্বর্ণের বার পাওয়া যায়। এবং তাকে আটক করা হয়।
 
তিনি আরো জানান, ১২ টি স্বর্ণবারের মধ্যে ছয়টির প্রতিটি এক কেজি ও অপর ছয়টির প্রতিটি ১০০ গ্রাম ওজনের। এসব স্বর্ণবারের আনুমানিক মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।