ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে ভোট বর্জনকারী ছয়টি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হবে। গতকাল সোমবার হলগুলোতে ভোটগ্রহণ শেষে গণনা চলাকালীন বিকাল ৫টায় উপাচার্য ভবনের সামনে সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। পরে তারা ভিসি কার্যালয় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থী পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীরা ভোট প্রত্যাখ্যান করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এরপর ভিসির বাসভবন ও কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ভোট বর্জনের পাশাপাশি মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন।
লিটন নন্দী ছাত্রদের উদ্দেশে বলেন, ‘আজ মঙ্গলবার থেকে আমাদের ছাত্র ধর্মঘট চলবে। ক্লাস বর্জন করে সবাই রাজু ভাস্কর্যে ছাত্র ধর্মঘটে অংশ নেবেন।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করতে হবে। যদি এই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়, তাহলে আমরা ভিসির পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাবো।’ এর আগে দুপুরে মধুর ক্যান্টিনে লিটন নন্দী বলেন, ‘আমরা এই প্রহসন ও জালিয়াতির নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ তিনি নির্বাচন প্রত্যাখ্যান করার পাশাপাশি নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘নির্বাচনের নতুন পরিচালনা কমিটি গঠন, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করতে হবে।’
ছাত্রদলের প্রতিনিধিরাও এ সময় মধুর ক্যান্টিনে উপস্থিত থেকে তাদের সমর্থন দেন। পরে তারাও পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. আনিসুর রহমান খন্দকার অনিক এ ঘোষণা দেন ও নতুন নির্বাচনের দাবি জানান।