কোচ মারুফুল হক জানিয়েছেন বাংলাদেশের ফুটবল উন্নয়নে সমস্যা আছে। এটাই বাস্তবতা। গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পর প্রথা মাফিক সংবাদ সম্মেলনে নিজের এ মত তুলে ধরেন তিনি।
মারুফুল হকের কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনা দেখছেন কিনা। জবাবে তিনি বলেন, ‘বাস্তবতা হলো আমাদের একটা সমস্যা আছে। সেটা হলো আমাদের যুব পর্যায় থেকে খেলোয়াড় আসছে না। অন্য দেশগুলোর ভালো দল গড়ার জন্য অনেক বেশি সুযোগ আছে।
ভুটান প্রসঙ্গে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়রা পরিস্থিতির সুযোগ নিতে পারেনি বলে সমালোচনা করেন। তিনি বলেন, ‘ভুটান আমাদের পর্যায়েরই। আমরা সবসময়েই তাদের হারাই। এটা রেকর্ড। তবে তাদের ১০ জনের বিরুদ্ধে আমরা যখন ১১ জন নিয়ে খেলছি, সে সময়েও আমরা অপরিণত ফুটবলারদের মতো খেলেছি। তারা জানে ১০ জনের বিরুদ্ধে কিভাবে খেলতে হয়। কিন্তু তারা সেভাবে খেলেনি।’ নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সাফ সুজুকিকাপ.কমকে তিনি বলেন, এটা ফেডারেশনের ব্যাপার। তিনি বলেন, আমি শুধু এই টুর্নামেন্টের জন্যই নিযুক্ত হয়েছি। এরপর আমি জানি না কি ঘটবে। যদি তারা দীর্ঘ মেয়াদে চুক্তির জন্য আগ্রহ দেখায়, তাহলে আমি বিবেচনা করবো।
বাংলাদেশ এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম খেলায় আফগানিস্তানের কাছে ও মালদ্বীপের কাছে ৩-১ গোলের পরাজিত হয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। ফলে গতকাল সোমবারের খেলাটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। তবে এই জয়ে গ্রুপে সর্বনিম্ন দল হওয়া থেকে রক্ষা পেল অনেক প্রত্যাশা জাগিয়ে ভারতে খেলতে যাওয়া কোচ মারুফের দলটি।