ভোট কেনার দায়ে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

 
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় ভোট কেনার দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার দুপুরে  পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর আলমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ এ জরিমানা করেন।
 
ইউএনও নূরুল হাফিজ বলেন, নূর আলম নির্বাচনী আইন লঙ্ঘন করে মঙ্গলবার সকালে লিফলেট নিয়ে বাড়ি-বাড়ি প্রচার চালাচ্ছিলেন। এ সময় তিনি পোস্টঅফিস পাড়ায় টাকা দিয়ে এক নারীর ভোট কেনেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন টাকা দেয়ার দৃশ্য মোবাইলে ধারণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।