চাঁদপুরের হাজীগঞ্জ থানায় স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। আসামিরা হলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সোহাগ প্রধানীয়া, সভাপতি ফারজানা রব ঝরনা, ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন ও ম্যানেজার আরিফুর রহমান মিজান।
মঙ্গলবার দুপুরে দুদক-কুমিল্লার সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলাটি করেন। তাদের বিরুদ্ধে অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ জন বিনিয়োগকারীদের ৪০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী জানান, অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে গেলে তথ্যের সত্যতা পাওয়া যায়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল গ্রামের মো. সোহাগ প্রধানীয়া স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. নামের একটি প্রতিষ্ঠান চালু করে স্ত্রী ও স্বজনদের কর্মকর্তা নিযুক্ত করেন। পরে তারা অধিক মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগের জন্য এলাকার বিভিন্ন শ্রেণীর লোকদের আকৃষ্ট করেন। এতে গ্রাহকরা অনুপ্রাণিত হয়ে ওই প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে নিঃস্ব হয়ে পড়েন সরল বিশ্বাসে টাকা বিনিয়োগকারী গ্রাহকরা।