মির্জাপুরে মিলের গোডাউনে আগুন

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের রপ্তানিমুখী বৃহত্ শিল্পপ্রতিষ্ঠান নাহিদ কটন মিলের কম্পোজিট গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে গোডাউনের পাটের বেল্ট, তুলা ও সুতা। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা বলে আশঙ্কা করছেন মিল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমল বাহিনীর কর্মীরা।

নাহিদ কটন মিলের অ্যাডমিন ম্যানেজার মো. মোস্তাকিন জানান, দুপুর দুইটার দিকে মিলের সাত নং ইউনিটের কম্পোজিট গোডাউনে হঠাত্ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হলে মির্জাপুর ও কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনের পাটের বেল্ট, তুলা ও সুতা পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া সুতা উত্পাদনের যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কোনো শ্রমিক কর্মচারী আহত হননি।

এ ব্যাপারে মিলের জেনারেল ম্যানেজার মো. শহিদুল আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মালামাল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার ঘটনা ও ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান ও ফায়ার সার্ভিস এবং সির্ভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. আরিফুর রহমান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনীর কর্মী এবং মিলের শ্রমিক কর্মচারীরা যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।