দিনাজপুর সদর উপজেলার তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতিকালে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জেএমবি সদস্য চাঞ্চল্যকর তথ্য দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা জানিয়েছে, জঙ্গি তত্পরতায় ব্যবহার করার জন্য অর্থ সংগ্রহ করতেই তারা ডাকাতি করেছিল।
আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হকের আদালতে এই চাঞ্চল্যকর মামলার গ্রেফতারকৃত ৩ জেএমবি সদস্য এই জবানবন্দি প্রদান করে। এই জঙ্গিরা হলো, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রানায়নপাশা গ্রামের শমসের আলী হালদারের পুত্র জোবায়ের হোসেন ওরফে শাহীন (২৫), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ধনমণ্ডল গ্রামের ওসমান গনির পুত্র সাদ্দাম হোসেন (২৫) ও দিনাজপুর সদর উপজেলার গুঞ্জাবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র হাবিব (৩২)। এদের নিকট থেকে পুলিশ ৩টি ইউএসএ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ককটেল, ১টি গুলির খোসা, ৩টি মোটর সাইকেল, নগদ ১৪ হাজার ২৮১ টাকা, ২৫টি লিফলেট ও ১১টি জিহাদী বই উদ্ধার করে।
সূত্র আরো জানায়, জবানবন্দিতে জঙ্গিরা দিনাজপুর ও রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে ব্যাংক, পেট্রোল পাম্প, বীমা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করেছিল। ডাকাতি টিমে তাদের প্রশিক্ষিত সদস্য আছে। এর জন্য তাদের সংগঠন থেকে জেএমবি’র কয়েকটি টিমকে ভাগ করে অঞ্চল ভিত্তিক পাঠিয়েছিল। তারা দিনাজপুর শহরের ১টি বাড়ি মাসিক ২১শ’ টাকায় ভাড়া নিয়ে প্রায় ১৫ দিন অবস্থান করেছিল। তাদের সহযোগীদের সম্ভাব্য ঠিকানা ও নাম জবানবন্দিতে প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাত ৯টায় দিনাজপুর সদর উপজেলার নতুন ভুষিরবন্দর তৃপ্তি ফিলিং স্টেশনে জেএমবি’র ৯ সদস্য হামলা চালিয়ে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করে। ডাকাতির ১ লক্ষ ৬৯ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে জনতার হাতে ৩ জন ও পুলিশের হাতে ২ জন আটক হয়। জনতার হাতে আটক ৩ জনের মধ্যে সাব্বির গণপিটুনিতে নিহত এবং ওসমান গনি গণপিটুনিতে আহত হয়ে দিমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এই ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার অলক কুমার রায় বাদী হয়ে ১টি ডাকাতি এবং কোতয়ালী থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অস্ত্র আইনের মামলায় গতকাল ৩ জেএমবি সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত ২২ ডিসেম্বর ডাকাতির মামলায় ৩ জঙ্গি ডাকাতির ঘটনা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছিল।