দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের তত্পরতায় বিগত তিন বছরে দুর্নীতির মাধ্যমে লুট হওয়া ৬ থেকে ৭ হাজার কোটি নগদ টাকা বিভিন্ন ব্যাংকে ফেরত এসেছে। গত তিন বছরে দুর্নীতির অভিযোগে কমপক্ষে ১২০ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীকে আইনের আওতায় আনা হয়েছে। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে ‘কমিশনের কৌশলপত্র -২০১৯’ এর ওপর সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, স্থানীয়ভাবে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণকে অধিকার সম্পর্কে সংবেদনশীল করে তোলার জন্য কমিশন দেশব্যাপী গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যদি সময় মতো নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে তাহলে অনেক ক্ষেত্রেই দুর্নীতি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব। জাহালম প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, এ বিষয়টি যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
ইটিভির প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, এএফ এম আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ৭১ টিভির ব্যাবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, জিটিভির নির্বাহী সম্পাদক ইশতিয়াক রেজা প্রমুখ।