ভূঞাপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে পেটালো আ’লীগ সমর্থকরা

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে পেটালো আওয়ামীলীগের কর্মী সমর্থকরা। অপরদিকে পৃথক আরেক হামলার ঘটনায় আরো একজন আহত হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চল এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
জানা যায়, সকাল আটটায় সুষ্ঠুভাবে ভোট গ্রহন শুরু হলেও সাড়ে আটটার দিকে ভূঞাপুর পৌরসভার বাহাদীপুর কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শনে যান স্বতন্ত্র মেয়র প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চল। এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ এর কর্মী সমর্থকরা আকস্মিক লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায় এবং পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
স্বতন্ত্র মেয়র প্রার্থী তারিকুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপর দিকে ঘাটান্দি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থক খাইরুল ইসলাম তালুকদার বাবলু স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলামের কর্মী সমর্থকদের হামলায় গুরুত্বর আহত হয়। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।