আড়াই ঘণ্টায় ৬০ কেন্দ্র দখল: বিএনপি

 
পৌরনির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন পৌরসভার অন্তত ৬০টি কেন্দ্র দখলের অভিযোগ করেছে বিএনপি।
 
বুধবার সকালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের কাছে এই অভিযোগ করেন।
 
নির্বাচন কমিশন থেকে বেরিয়ে ওসমান সাংবাদিকদের বলেন, ভোলার ১৮টি এবং হবিগঞ্জ, মনোহরদী ও শ্রীপুরের বেশ কিছু কেন্দ্রসহ অন্তত ৬০টি ভোটকেন্দ্র সরকারদলীয় প্রার্থী-সমর্থকরা দখল করে নিয়েছে। ভোট শুরুর দুই-আড়াই ঘণ্টার মধ্যে যদি এই অবস্থা হয় তবে ভোট শেষ হওয়ার আগেই লুণ্ঠনের মাধ্যমে আরেকটি প্রহসনের নির্বাচন হবে বলে আমরা আশঙ্কা করছি।
 
তিনি বলেন,  কোনো অবস্থাতেই বিএনপি ভোট বর্জন করবে না। আমরা ভোটে এসেছি, বর্জনের জন্য নয়। বিএনপি এর শেষ দেখে ছাড়বে।
 
প্রতিনিধি দলে মাসুদ তালুকদার ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।