গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের বাহিরে তিন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২ টার দিকে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছোড়ে । এতে অন্তত ২ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ মহিলা কলেজ ভোট কেন্দ্রের গেটের বাইরে তিন কাউন্সিলর প্রার্থী আরিফুল হক প্রধান , জাকারিয়া ইসলাম সাজু ও শাহীন আকন্দর সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে শটগানের ৬ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত রাজ্জাক ও লুৎফর নামের দুই ব্যক্তি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ৬ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করে জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। গোবিন্দগঞ্জ মহিলা কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার (পুরুষ কেন্দ্র) আনিছুল হক ও রফিকুল ইসলাম ( মহিলা কেন্দ্র) জানান, কেন্দ্রের ভিতরে কোন ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে।