ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিপেটায় কাউন্সিলর প্রার্থীসহ ৫ জন আহত হয়েছেন। আটক হয়েছেন এক বহিরাগত।
দুপুর ১ টার দিকে ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ও শ্রী কৃষ্ণ কান্ত সাহার মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লার্ঠিচার্জে রফিকুল ইসলামের মাথা ফেটে যায় । এ সময় বারেক ও রাজ্জাকসহ তার আরো ৪ জন সমর্থন আহত হয়েছেন।
বর্তমান কাউন্সিলর রফিকুল ইসলাম অভিযোগ করেন, কৃষ্ণ কান্ত সাহা ভোটারদের লাইনে টাকা দেয়ার সময় বাধা দিতে গেলে তার ওপর হামলা হয়।
দুপুর দুইটার দিকে ফুলপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে মেয়র পদের ৫৪ টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রিজাইডিং অফিসার ফজলুল হক জানান, ছিনতাইকৃত ৫৪ টি ব্যালট পেপার বাতিল করে ভোট গ্রহণ অবাহত রয়েছে। ছাত্রলীগ নামধারি কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জাানান। এই কেন্দ্রে পুরুষ ভোটার ১০৩৯ ও মহিলা ভোটার ১০৫৩ জন। দুপুর আড়াইটা পর্যন্ত ১১৮২ টি ভোট কাস্টিং হয়েছে। বর্তমানে কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে আনন্দ নিকেতন মডেল স্কুল কেন্দ্রে সকাল ১১ টার দিকে জুয়েল (২০) নামে এক বহিরাগতকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।