আখাউড়ায় ৩ মেয়র প্রার্থীর ভোট বর্জন

 
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপিসহ অনিয়মের অভিযোগ এনে বিএনপি সমর্থিত ৩ মেয়ারপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বুধবার সকাল আটটা থেকে একযোগে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
 
দুপুর  ১২টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়াসহ ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি মনোনীত প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল, অ্যাডভোকেট সোহেল ভূইয়া  ও সালাহউদ্দিন এইচ চৌধুরী সুমন।
 
বিএনপি মনোনীত প্রার্থী হাজী মন্তাজ মিয়া বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ব্যাপক ভোটকারচুপি করছে, তারা বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।