গাজীপুর মহানগরীর যোগিতলা এলাকায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানের সময়ম নিহত দুই জেএমবি জঙ্গির লাশের কোন পরিচয় না মেলায় তাদের বেওয়ারিশ হিসেবে বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গোরস্তানে দাফন করা হয়েছে।
গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, সোমবার অজ্ঞাত পরিচয়ের দুই জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন হয়। দুটি লাশের কোন দাবিদার না থাকায় লাশ দাফনের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। পরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বুধবার দুপুরে লাশ গ্রহণ করে বেওয়ারিশ হিসেবে সিটি কর্পোরেশনের গোরস্তানে দাফন করে।
উল্লেখ্য, গত রবিবার গাজীপুর মহানগরীর যোগিতলা এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশে জঙ্গি আস্তানায় র্যাব অভিযান চালায়। এসময় ওই আস্তানা থেকে র্যাবকে লক্ষ্য করে জঙ্গিরা বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জঙ্গিদের ওই আস্তানায় বোমার বিষ্ফোরন ঘটে। পরে র্যাব ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার এবং আহত অবস্থায় অজ্ঞাত দুই জঙ্গিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।