স্বামীর মনোনয়ন বাতিলের দাবি স্ত্রীর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতা মোস্তফা আল মাহমুদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন তার স্ত্রী নুজহাতুন নেছা। গতকাল মঙ্গলবার সকালে ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

নুজহাতুন নেছা বলেন, ১৯৯৯ সালের ৬ আগস্ট পরিবারিকভাবে মোস্তফার সঙ্গে তার বিয়ে হয়। প্রথম কন্যা সন্তানের পর ২০০৩ সালে ছেলে সন্তানের মা হন তিনি। এর ৬ মাসের মাথায় মোস্তফা হঠাত্ চীনে চলে যান। পরে শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাধ্য হয়ে জামালপুরে একটি কুড়েঘর তুলে সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন। সেখানে কৃষি কাজ করে চলে তার সংসার।

নুজহাত বলেন, তিনি জানতে পেরেছেন শাহিনা নামের এক মেয়ের (চাচাতো বোন) সঙ্গে মোস্তফার অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ক্রয় করেছেন। যিনি নিজের স্ত্রী সন্তানদের খোঁজ রাখেন না। সংসদ সদস্য নির্বাচিত হলে কিভাবে এলাকার মানুষের খোঁজ-খবর রাখবেন। তিনি সরকারের কাছে নিজের সন্তানদের অধিকার আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জাতীয় পার্টি থেকে মোস্তফার মনোনয়ন বাতিলের দাবি জানান।

এদিকে স্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করে মোস্তফা আল মাহমুদ বলেন, তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। সন্তানদের পড়াশোনাসহ সব খরচই তিনি বহন করেন। স্ত্রীকে গাড়ি ও ফ্য্লাট ভাড়া করে দিয়েছেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে উল্লেখ করা স্ত্রীর অভিযোগগুলো খতিয়ে দেখতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।