গাজীপুরে দগ্ধ তরুণীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া এলাকায় দগ্ধ নুসরাত জাহান শান্তা (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
 
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 
 
দগ্ধ শান্তা রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার এলাকার আব্বাস আলীর মেয়ে। তিনি নাখালপাড়ার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। 
 
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
জানা গেছে, বেশ কয়েক বছর আগে মোবাইলে শান্তার সঙ্গে গাজীপুর কাপাসিয়ার নলগাঁও গ্রামের তৌহিদুর রহমান নামে এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে তৌহিদুর মালয়েশিয়া চলে যান। এরপর থেকে তিনি শান্তার সঙ্গে খারপ ব্যবহার করতে থাকেন। বুধবার শান্তা গাজীপুরে ওই ছেলের বাড়িতে গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়।
 
পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।