মুক্তাগাছায় ককটেল উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা ককটেল উদ্ধার করেছে মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াজেদ। 
 
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে পৌর এলাকার আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (পৌরসভার ভোটকেন্দ্র) মাঠের কোনা থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ককটেলটি দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। বুধবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ককটেলটি রাখা হয় বলে ধারণা গোয়েন্দা পুলিশের।
 
এসআই আব্দুল ওয়াজেদ জানান, স্কুল মাঠের এক কোনায় পরিত্যাক্ত অবস্থায় ককটেল রাখা আছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ১টি তাজা ককটেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। 
 
মুুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।