সাভার উপজেলার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিক রাসেল খানকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ফিরোজ আলম বাপ্পীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি ডিজিটাল লকার এবং এর ভেতরে রক্ষিত অস্ত্র, গুলি, গান পাউডার ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের একটি দল আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকার আজাদের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাপ্পী (২৮) সাতক্ষীরা জেলার দেওহাটা থানার পারুলিয়া গ্রামের মৃত রমজান আলী মোল্লার ছেলে। সে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ডিজিটাল লকারে রক্ষিত ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৫৫০ গ্রাম বোমা তৈরির গান পাউডার ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার পাসপোর্টটিও জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছিল। তিনি আরো জানান, বাপ্পীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো ৮-৯টি মামলা রয়েছে। গতকাল সোমবার ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার শিমুলতলার জমিদারবাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পোশাক শ্রমিক রাসেল খান।