মানিকগঞ্জ সদর উপজেলার গুলটিয়া গ্রামে আনোয়ার হোসেন খান (৮০) নামে এক বৃদ্ধকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। সোমবার সকালে নিজ ঘরে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ড নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন প্রায় ৭ থেকে ৮ বছর ধরে প্যারালাইস রোগে আক্রান্ত। একমাত্র ছেলে তানজিমকে নিয়ে তিনি গুলটিয়া গ্রামে বাস করতেন। ছেলের জন্মের দুই-তিন মাস পরেই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। রবিবার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তানজিমের চাচি দরজা খোলা পেয়ে তাদের ঘরে ঢুকে আনোয়ারের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তখন ঘরে তার ছেলেকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে সকাল ১১টার দিকে আনোয়ারের ছেলে হাসান তানজিম খানকে (৩০) পার্শ্ববর্তী ডাউটিয়া গ্রামের একটি রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।