বাফুফে ভবনে ভাংচুরের দায়ে আরামবাগকে ৩০ লাখ টাকা জরিমানা

বাফুফে ভবনে ভাংচুরের দায়ে আরামবাগ ক্লাবকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জরিমানা অনাদায়ে আরামবাগ এক বছরের জন্য নিষিদ্ধ হবে।
 
আগামী ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের মধ্যে আরামবাগকে এই জরিমানার অর্থ প্রদান করতে হবে। এর আগে গত ২২ ডিসেম্বর  বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলায় বাংলাদেশ পুলিশের কাছে আরামবাগ ৩-২ গোলে হেরে যাওয়ায় পরে  সমর্থকরা বাফুফে ভবনে ভাঙচুর চালায়। ম্যাচ হেরে যাওয়ার পর তারা ইট-পাটকেল মেরে ফুটবল ফেডারেশন ভবনের কাঁচের জানালা ও স্ক্রিন ভেঙে ফেলে। ভাঙচুর হয় বাফুফে ভবনের অভ্যর্থনা কক্ষও। এছাড়া তারা ফেডারেশনের ভেতর রক্ষিত বেশকিছু গাড়িও ভাঙচুর করে।  ভাংচুরকারীদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। আরামবাগ ক্লাব ঘেরাও করে আটক করা হয় ৩০ জনকে।