কিশোরগঞ্জে ভোট নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

 
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত এক জনের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হোসেনপুর থানার ওসি মো. নান্নু মিয়া। নিহত আবুল কাশেম (৫০) উপজেলার ধুলিহর এলাকার মৃত আফিজ উদ্দিনের ছেলে।
 
হোসেনপুর থানার ওসি বলেন, বুধবার সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী মো. শাহজাহান কাজলের সঙ্গে আরেক প্রার্থী জহিরুল ইসলাম ওয়াসিমের সমর্থকদের ফলাফল নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচ জন আহত হয়। গুরুতর আহত কাজলের সমর্থক আবুল কাশেমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
কাশেমের মৃত্যুর সংবাদে কাজলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৃহস্পতিবার সকালে ধুলিহর এলাকায় ওয়াসিমের সমর্থকদের বাড়িঘরে হামলা করলে আবার সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও তিনজনকে হোসেনপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে।