রাজধানীতে ৩ লাখ ইউনিট বিদ্যুৎ চুরি

 
রাজধানীতে তিন লাখ ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়েছে। গত সোম থেকে বৃহস্পতিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) দুর্নীতিবিরোধী  টাস্কফোর্স অভিযানে এ চুরির ঘটনা উদঘাটিত হয়।
 
এরমধ্যে নবাবপুর রোডের আজিজ ক্যাবলস কারখানার ২ লাখ ৪৯ হাজার ইউনিট বিদ্যুত্ চুরি ধরা পড়ে। স্বামীবাগের একটি কারখানা থেকে বেআইনিভাবে আরো নয়টি কারখানায় বিদ্যুৎ সরবরাহের ঘটনা ধরা পড়ে। এখানে বিদ্যুৎ চুরির পরিমান ৯৯ হাজার ইউনিট। এ ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ২৮ দক্ষিণ যাত্রাবাড়ীর একটি কারখানায় ৩১ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। এসব ঘটনায় দায়ী ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
এদিকে টাস্কফোসের্র অভিযানে রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি এপার্টমেন্ট, গ্লোব ইনসেক্টিসাইড, অনুদীপ অটোস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, গ্রীন সুপার মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, জাহানারা এপার্টমেন্ট, বঙ্গবন্ধু এভিনিউ সুপার মার্কেটসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে ৮ বছরের বকেয়া বিলসহ ৫ কোটি ২ লাখ টাকা আদায় করা হয়েছে।
 

ডিপিডিসির সচিব ও টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী বলেন, বিদ্যুত্ চুরি সমূলে বন্ধ করতে অভিযান চলছে। অনেক টাকা বকেয়াও রয়েছে। তাই বিশেষ অভিযান চালিয়ে বকেয়া আদায় ও বিদ্যুত্ চুরিবিরোধী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।